নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল প্রকাশের পর তার বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়।
কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের তথ্য অনুযায়ী, বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার অর্জন করেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে প্রায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন।
নেত্রকোনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুৎফুজ্জামান বাবর বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুৎফুজ্জামান বাবর বলেন, এ সাফল্য এলাকার জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে তিনি কাজ করবেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি ভোটার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেত্রকোনা-৪ আসনে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনটি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবরের পরিচিতি ও ব্যক্তিগত ভোটব্যাংক তার বড় ব্যবধানের জয়ের পেছনে ভূমিকা রেখেছে। পাশাপাশি দলীয় সংগঠন ও তৃণমূল পর্যায়ের সক্রিয় প্রচারণাও ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
ফলাফল ঘোষণার পর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
আরও সংবাদ
জীবনের প্রথম ভোট দিতে পারছেন না চবির হাজারো শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও জয়ী জামায়াতের প্রার্থী
সাতক্ষীরা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী জয়ী

